কঠিন সমীকরণ মিলিয়ে প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে তারা। ১৪৬ রানের লক্ষ্য ৭ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখে টপকে যায় দলটি।
‘ডি’ গ্রুপে তিনটি দলের পয়েন্ট সমান ২ হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় দোলেশ্বর উঠেছে সেমিতে। গাজীর দেয়া ১৪৬ রানের লক্ষ্য ১৮.১ ওভারে টপকাতে পারলেই টুর্নামেন্টে টিকে থাকতে পারবে দোলেশ্বর, এমন সমীকরণ ছিল তাদের সামনে। ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের আশাই ফিকে হয়ে গিয়েছিল তাদের।
ধ্বংসস্তূপ থেকে ফরহাদ রেজার ৩৬ ও সৈকত আলীর ২৮ রানের ইনিংসে ২ ওভার আগেই ম্যাচ জিতে নেয় দোলেশ্বর। দুই ব্যাটসম্যান ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ৫১ রান। দোলেশ্বরের টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ফরহাদ হোসেন ৩২ ও সাইফ হাসান করেন ১৭ রান।
আবু হায়দার রনি ও রায়হানউদ্দিন নেন দুটি করে উইকেট। রুয়েল মিয়া নেন একটি উইকেট।
বুধবার বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হওয়ার কথা ছিল ক্লাব দুটির। কিন্তু শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টি শুরু হয় বিকাল ৪টা থেকে। কাট-অফ টাইম সন্ধ্যা সাতটা পর্যন্ত অপেক্ষার পর জানানো হয় বৃহস্পতিবার দুপুর ১২টায় মাঠে গড়াবে ম্যাচটি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসানের ৩৯ ও শামসুর রহমান শুভর ৩৬ ও তৌহিদ তারেকের ২৬ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে গাজী।
দোলেশ্বরের ফরহাদ রেজা ও আরাফাত সানি নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ আরাফাত ও এনামুল হক জুনিয়র।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর। দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। তিনটি ম্যাচই সরাসরি দেখাবে গাজী টিভি।







