গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফ সাদুল্লাপুর গ্রামে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে মা-মেয়ে দগ্ধ হয়েছে। তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রশিদা বেগম ( ৪৮) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। সুমি (২৫) তার মেয়ে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, আহত মা ও মেয়ে রাতে বাড়ির উঠানের টংয়ে বসে ছিলেন। কিছুক্ষণ পর তারা বাড়ীর পিছনে যান। সেখান থেকে ফেরার পথে পেছন থেকে দুর্বৃত্তরা তাদের শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তারা দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিব কুমার জানান, আহত মা রশিদা বেগমের হাত, পিঠ ও পায়ে ১০ ভাগ আর মেয়ে সুমীর শরীরের চার শতাংশ পুড়ে গেছে।







