টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজের অধিক ক্ষুদে শিক্ষার্থীর মেলা অনুষ্ঠিত হয়েছে ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে তিনটি ক্যাটাগরিতে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়।
গণিত ভীতি দূর এবং বিজ্ঞান ও গণিতকে জনপ্রিয় করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত গণিতের বিভিন্ন বিষয় নিয়ে লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে দিনব্যাপী চলে বিজ্ঞান ও গণিতের খুঁটিনাটি বিষয় নিয়ে সেমিনার।
লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা আব্দুস ছাত্তার খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে গণিত ও বিজ্ঞানকে গ্রহণ করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা প্রতিবছর গণিত উৎসবের আয়োজন করে থাকি।
ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ এ গণিত উৎসবের আয়োজন করে। প্রাইমারী ক্যাটাগরিতে ৩০৫জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৩২জন ও সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৭৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সেমিনারে বিভিন্ন প্রশ্নত্তোরসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট বিজ্ঞান বিষয়ক লেখক আব্দুল গাফফার রনি, সিরাজুম মনির শ্রাবন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনালজি বিভাগের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার প্রমুখ।
পরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।
পরীক্ষায় অংশগ্রহনকারী ৭১৫ জন ক্ষুদে গণিতবিদের মধ্যে ৪৫জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের গবেষক শফি উদ্দিন তালুকদার।








