বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২২ আগস্ট বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে দেন। এর ফলে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আজ হাইকোর্টে রুল খারিজের পর বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন: ‘আজকে বিষয়টি হাইকোর্টের কার্যতালিকায় ছিল।রিট পিটিশনের পিটিশনার অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা হাইকোর্টে বলেছেন, এই রিট আর তিনি চালাতে চান না। এটি তিনি নন প্রসিকিউশন করতে চান। এরপর আদালত রুল খারিজের আদেশ দেন। অর্থাৎ এখন এই রিট পিটিশনের আর কোনো অস্তিত্ব নেই। ফলে আজ থেকে তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে কোন আইনী বাধা রইলো না।’

২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা হাইকোর্টে একটি রিটটি করেন। সে রিটে কোনো পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে তারেক রহমানের কোনো বক্তব্য প্রকাশ, প্রচার, সম্প্রচার, পুনঃউৎপাদন না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়। এই রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তারেকের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ৮ বছর পর গত বছরের আগস্টে এই রুলটি বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে শুনানির উদ্যোগ নেয় রিট আবেদনকারী পক্ষ।







