চট্টগ্রাম থেকে: সারারাত গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরেছে চট্টগ্রামে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট নিয়ে তাই শঙ্কা বাড়ছে। বৃষ্টি হলে লাভ বাংলাদেশেরই। তাতে সিরিজ নিজেদের হবে। কিন্তু টাইগার অধিনায়ক বলছেন, ‘আমরা খেলেই সিরিজ জিততে চাই।’
রাতের পর সকালেও কয়েক দফায় হয়েছে মাঝারি বৃষ্টি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। সেন্টার উইকেট আবৃত ত্রিপলে।
‘খেলেই আমরা যেন জয়টা নিতে পারি। এর চেয়ে বড় আর কিছু হয় না।’ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেন মুশফিক।

ভেন্যুর ড্রেনেজ ব্যবস্থা ভাল হওয়ায় বৃষ্টির শঙ্কা জেনে আশাহত নন বাংলাদেশ কাপ্তান, ‘চট্টগ্রামের ড্রেনেজ ব্যবস্থা অনেক ভালো। খেয়াল করে দেখেন বৃষ্টি থামার ১০-১৫ মিনিট কিংবা আধাঘণ্টার মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যায়। আগেও টেস্ট ম্যাচে দেখেছি। ইংল্যান্ডের সাথে যে তৃতীয় ওয়ানডে খেলেছিলাম, খুবই ভাল ড্রেনেজ সিস্টেম। যদি তিন, সাড়ে তিনদিনও খেলা হয় আমার মনে হয় ভাল একটা টেস্ট ম্যাচ হবে এবং আগের মতো রোমাঞ্চকর টেস্ট ম্যাচ হবে।’
মিরপুর টেস্ট ঘিরেও ছিল বৃষ্টির শঙ্কা। তবে সেটি অতটা বাধা হয়ে দাঁড়ায়নি। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই লেখা হয়ে যায় টাইগারদের ২০ রানের জয়। চট্টগ্রামেও তেমন কিছু লিখতেই খেলাটা হোক, চাইছেন মুশফিক।
ছবি: সাকিব উল ইসলাম।










