মিরপুরের হোম অব ক্রিকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা হয়েছে বৃষ্টি-বাধায়। টানা ৩ দিন একটি বলও মাঠে না গড়ানোয় ক্রিকেটভক্তদের মতোই হতাশ দু’দলের ক্রিকেটাররা।
মিরপুরের হোম অব ক্রিকেটে দুপুর ১২টার পর গ্রাউন্ডসম্যানদের তোড়জোড়ের মাঝেই যখন প্রোটিয়াদের সঙ্গে টাইগাররাও সবে প্রস্তুতি নেয়া শুরু করেছেন ঠিক তখনই বৃষ্টি।
ক্রিকেটভক্তদের হতাশ করে টানা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনটিও পরিত্যক্ত হওয়ার ঘোষণা আসে দুপুর ১টা ১০ মিনিটে।
টানা তৃতীয় দিনের মতো খেলা পরিত্যক্ত হলেও আগের দু’দিনের চেয়ে এদিন ব্যতিক্রম ছিলো, দু’দলের ক্রিকেটারদের সংবাদ সম্মেলন। আর এর পুরোটা জুড়েই খেলা না হওয়ার হতাশা।
হতাশার কথা জানিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, এটা খুবই হতাশার। আপনি যখন টানা পাঁচ দিন খেলার প্রিপারেশন নিয়ে মাঠে নামবেন আর খেলতে পারবেন না। এই নিয়ে টানা তিন দিন বৃষ্টির বাঁধায় খেলা পরিত্যক্ত হলো।
ছবি: রতন গোমেজ (বিসিবি)
চট্টগ্রাম টেস্টের পর মিরপুর টেস্টেও বৃষ্টির বাগড়ায় খেলা পণ্ড হওয়ায় হতাশা গোপন করেননি সাউথ আফ্রিকার হয়ে সংবাদ সম্মেলনে আসা উইকেট কিপার ব্যাটসম্যান ডেন ভিলাস।
তিনি বলেন, এই ম্যাচে পূর্ণ পয়েন্ট পাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। বৃষ্টির কারণে আমরা হতাশ হয়েছি দেখা যাক শেষ দিন কি হয়।
টসভাগ্যে প্রথম দিনে টিম টাইগার্সের তোলা ৮ উইকেটে ২শ’৪৬’র পর ৩ দিনই বৃষ্টিতে ওয়াশ-আউট। শেষ দিনের খেলাও মাঠে গড়াবে কিনা, সেই অনিশ্চয়তা আর হতাশা সঙ্গী করেই ক্রিকেটভক্তদের সঙ্গে মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছেন ক্রিকেটাররা।






