বাংলাদেশ সিরিজের তৃতীয় গান ‘উৎসবের বাংলাদেশ’-এর সাফল্যের পর দীর্ঘ বিরতিতে ছিলেন বুশরা শাহরিয়ার। তবে বিরতি ভেঙে আবারও তিনি ফিরছেন তার নতুন গান ‘খেলাধুলার বাংলাদেশ’ নিয়ে।
সম্প্রতি শেষ হয়েছে ভিডিও গানটির শুটিং। ‘খেলাধুলার বাংলাদেশ’ গানটির কথা, সুর ও কণ্ঠে বুশরা নিজেই। সংগীতায়জনে ছিলেন ইমন চৌধুরী। মিউজিক ভিডিওটির দিক নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু।
মিউজিক ভিডিওটিতে বাংলাদেশের বিভিন্ন খেলা সাতচারা, ফুল টোকা, কানামাছি, হাডুডু, ফুটবল, ক্রিকেট, দাবা, গল্ফ, শুটিং, সুইমিং, জুডু, কারাতে ইত্যাদিকে একটি গল্পের আলোকে তুলে ধরা হয়েছে।
এছাড়াও ভিডিওটির বাড়তি চমক হিসেবে থাকছে বিভিন্ন তারকা খেলোয়াড়। যাদের মধ্যে দেখা যাবে ক্রিকেটার মাশরাফি, মুশফিক, মুস্তাফিজ, সনামধন্য ফুটবলার আসলাম, দাবার গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান সহ আরো অনেক তারকা খেলোয়াড়দের।
পুরান ঢাকা, মানিকগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে টানা এক সপ্তাহ শুটিং করে ভিডিওটির নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছিলো। এর পরপরই পড়াশুনার উদ্দেশ্যে বুশরাকে চলে যেতে হয় ভারতে। সম্প্রতি ভিডিওটির শেষাংশের কাজ সম্পন্ন করার জন্য বুশরা ঢাকায় ফিরেছেন। শেরে বাংলার মিরপুর স্টেডিয়ামে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় ‘খেলাধুলার বাংলাদেশ’ গানটির শেষাংশের কাজ।
এশিয়া কাপকে মাথায় রেখে গানটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে। গানটির পৃষ্ঠপোষকতায় আছে ‘বেঙ্গল ডিজিটাল’। গানটি এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিক অ্যাপ্লিকেশনেও।







