মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। নির্বাচনে যেকোন ধরনের অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দিয়ে খুলনায় ভোট উৎসবের বার্তা দিয়েছে পুলিশ।
সেখানে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ। এবার নজরদারী শুধু নিরাপত্তা নিশ্চিতের কাজে। যেকোন সহিংসতা ঠেকাতে সাড়ে ৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের নিরাপত্তা বলয়ে ঢেকে গেছে ভোটের শহর খুলনা।
সোমবার দুপুরে ২৮৯টি ভোটকেন্দ্রে পুলিশ পাহারায় শুরু হয় ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো। আইনশৃঙ্খলা বাহিনীকে শতভাগ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে সকাল থেকে ভোটারদের সব কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
কোথাও গোলযোগ সৃষ্টি হলে পুলিশকে দর্শকের ভূমিকায় না থাকার নির্দেশ দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. আব্দুল বাতেন।
এছাড়া সকালে খুলনা পুলিশ লাইন মাঠে আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দিয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে যার যার কাজ বুঝিয়ে দিয়েছেন খুলনার বিভাগীয় পুলিশ কমিশনার।
তবে নির্বাচনের কয়েক ঘন্টা আগেও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অন্যদিকে শঙ্কাকে প্রত্যাখ্যান করে ভোট উৎসবের জন্য অপেক্ষা করছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্বুল খালেক।








