জনগণের ভোট দেয়ার সুযোগ হলে আগামীকাল খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। দেশনেত্রী মুক্তি সংগ্রাম পরিষদ নামক সংগঠন আয়োজন করে এই সভা।
মোশাররফ বলেন, সরকারের লোকজন, পুলিশ এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে আগামীকাল ভোট ডাকাতি করতে চায়। যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। আগামীকাল ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, গাজীপুরে আমি নিজে সমন্বয়কের দায়িত্ব থেকে দেখেছি, সেখানে বিরোধীদের বিরুদ্ধে কীভাবে অভিযান চালানো হয়েছে। এরপরও সেখানে জনজোয়ার সৃষ্টি হয়েছিলো। যখন তারা দেখলো ব্যালট কেড়ে নেয়া সম্ভব হবে না হাইকোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিত করলো। কিন্তু পারেনি। আবারও ২৬ তারিখ নির্বাচন হবে। আমাদের প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে তা সম্ভব হয়েছে।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারদেরও হুমকি দেওয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, খুলনা আজকে ভয়ের নগরীতে পরিণত হয়েছে। সবকিছু থমথমে। জনগণ ভোট দিতে যেতে পারে কিনা জানি না। আমাদের এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি প্রিসাইডিং অফিসারকেও হুমকি দিচ্ছে।
মোশাররফ বলেন, খালেদা জিয়া জামিন পেলেও এ সরকার তাকে মুক্তি দিবে না বলে আমাদের শঙ্কা। মুক্তি না দেয়ার জন্য তারা নানা অজুহাত তৈরি করবে।তাই বলতে চাই আদালতের ওপর নির্ভর করে খালেদা জিয়ার মুক্তি হবে না। তাকে রাজনৈতিকভাবে সাজা দেয়া হয়েছে, কারাগারে এবং কোর্ট জামিন দিলেও রাজনৈতিক কারণে মুক্তি দিবে না। অতএব রাজনৈতিক বিষয় আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। কোনো স্বৈরাচারকে আন্দোলন ছাড়া বিদায় করা যায় না। জনরোষ একদিন সময়ের ব্যাপার মাত্র। আন্দোলন কোনো ঘোষণা দিয়ে হবে না।







