খুলনা টাইটান্সকে সাত উইকেটে হারিয়ে চিটাগং পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। মঙ্গলবার সন্ধ্যায় চিটাগং ভাংকিংস ও বরিশাল বুলসের মধ্যকার ম্যাচটিতে যে জিতবে সেই দল পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে আসবে।
খুলনার দেওয়া ১২৬ রানের মামুলি সংগ্রহ তাড়া করতে নেমে মোহাম্মদ মিথুন আলীর ৪৯ ও হার্ড হিটার মোহাম্মদ শেহজাদের ৩৭ রানের সুবাদে ৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর রাইডার্স।
১২৬ রান তাড়া করতে নেমে দলীয় ১৩ রানের মাথায় জুনায়েদের বলে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য সরকার(৩)। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান যোগ করে মিথুন ও শেহজাদ জয়ের রাস্তা সহজ করে দেয়।
আফগান ওপেনার শেহজাদ ৩৮ বলে চারটি চার ও একটি ছয়ে করেন ৩৭ রান। মোহাম্মদ মিথুন ৪১ বলে তিনটি ছয় ও একটি চারে করেন অনবদ্য ৪৯ রান।
এরআগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স।
রংপুরের পক্ষে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন, আরাফাত সানি ও শহীদ আফ্রিদি।










