যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের অডিও রেকর্ড শুনেছেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।
বুধবার সিআইএ পরিচালক জিনা হাসপেল অডিও রেকর্ড শুনেছেন বলে দাবি করে তুরস্কের সংবাদপত্র ‘সাবাহ’।
এর আগে সোমবার ওই গোয়েন্দা প্রধান তুরস্ক সফরে আসেন। তার এই সফরের সময় চলতি সপ্তাহে সিআইএ পরিচালক জিনা হাসপেলকে এই অডিও রেকর্ড শোনানো হয়।
খাশোগি নিহত হওয়ার পর থেকেই তুরস্কের পক্ষ থেকে তার হত্যার অডিও রেকর্ড তাদের কাছে আছে বলে দাবি জানিয়ে আসছিল। কিন্তু এই অডিও কিভাবে তারা পেল বা অডিও রেকর্ডে কী আছে তা নিয়ে বিস্তারিত কিছুই বলেনি তুরস্ক।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি। প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও, পরে সৌদির পক্ষ থেকে কনস্যুলেটের ভেতরে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করে।
কিন্তু এই ব্যাখ্যা সত্য নয় বলে শুরু থেকেই দাবি করে আসছে তুরস্ক। খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।








