সরকার খালেদা জিয়া আতঙ্কে নার্ভাস হওয়ায় জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে মহিলা দল ঢাকা জেলার কর্মীসভা-২০১৭ তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন: একটি অগণতান্ত্রিক দেশে যত বাধা তার চেয়ে বেশি বাধা ও প্রতিবন্ধকতার মাধ্যমে সরকার ক্ষমতা ধরে রাখতে দেশে ভয়ভীতির একটি পরিবেশ সৃষ্টি করেছে। সেই ভয়ভীতির সবচেয়ে বড় কারণ হচ্ছে খালেদা জিয়া ও তার জনপ্রিয়তা। তাই সরকার খালেদা জিয়ার আতঙ্কে সরকার নির্বাচন দিতে চায় না। এই ভয়ে তারা পরাজয় মেনে নিতে পারছে না, মেনে নিতে চায় না।
তিনি বলেন: অনির্বাচিত সরকারের ভাবনা-চিন্তায় সামনে এখন একটি পথ উন্মুক্ত আর সেটি হচ্ছে খালেদা জিয়াকে সাজা দিয়ে আইনের মধ্যে রেখে ক্ষমতা দখল করে রাখা। কিন্তু একটি কথা খুব স্পষ্ট, খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচনী ফসল ঘরে তুলতে পারবে না সরকার। বরং তাদেরকে উচ্চমূল্য দিয়ে বিদায় হতে হবে।
খসরু বলেন: তবে বিএনপি চায়, আওয়ামী লীগ দেশে রাজনীতি করুক এবং তার আগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সুযোগ দিন।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে চুক্তিকে একটি অসম চুক্তি আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার দেশের মানুষকে ধোকা দিয়েছে, প্রতারণা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার এ চুক্তি ধোকাবাজী ছাড়া আর কিছু নয়। এ চুক্তির মাধ্যমে প্রতিবেশিকে খুশি করা হয়েছে। তাই চুক্তির সময় এবং এখন পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। শুধু তাই নয়, সরকার কেবল মাত্র বাংলাদেশ বিক্রি করছে না বরং দেশের আত্মা বিক্রি করে দিচ্ছে।
কর্মীসভা উদ্বোধন করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বিএনপির ঢাকা জেলা সভাপতি ডা. দেওয়ান মো: সালাউদ্দীন বাবু প্রমুখ।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন।







