জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাড়ানোর প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এই গণঅনশন কর্মসূচি শুরু হয়। অনশন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর আশেপাশের এলাকা থেকে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
অনশনে সংহতি জানাবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
এর আগে খালেদা জিয়ার কারাদণ্ড বাড়ানোর প্রতিবাদে সারাদেশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়। তারই অংশ আজকের এই গণঅনশন কর্মসূচি।








