মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে। বেলা ১১টায় শুনানি শেষে দুপুর ১২টায় আদেশ দেবে আদালত।
সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি আমলে নেওয়ার আবেদন জানিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী।
গত ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় খালেদা জিয়া বলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’
কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে চাইলেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়। মেহেদীকে সেই অনুমতি দেওয়ার কথা রোববার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে খালেদা জিয়াকে ২৩ ডিসেম্বর ২০১৫ নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মেহেদী।







