জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া-জঙ্গি-আগুন সন্ত্রাসী এবং জামায়াত একই সূত্রে গাঁধা। তাই খালেদা জিয়াকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড় দিলে গণতন্ত্র, উন্নয়ন, ধর্ম, মানবতা পুড়ে ছাই হয়ে যাবে। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানবতাকে রক্ষা করতে চাইলে খালেদা জিয়াকে আগুন সন্ত্রাস ও মানুষ পোড়ানোর অপরাধে বিচার ও সাজা দিতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর আয়োজিত “জঙ্গি-আগুন সন্ত্রানের মূল উৎপাটনঃ ‘গণতন্ত্রের অগ্রযাত্রা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, খালেদা জিয়া ক্রমাগত আগুন সন্ত্রাসী জঙ্গি উৎপাদন করে চলেছেন, তিনি জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রমাণ করেছেন তিনি বদলাবেন না। তার পথ জঙ্গিবাদের, আগুন সন্ত্রাসের, তালেবানের।
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার কোনো জায়গা হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের বিষয়ে যদি জিরো টলারেন্স দেখানো যায় তাহলে খালেদা জিয়ার ব্যাপারেও জিরো টলারেন্স দেখাতে হবে। জঙ্গিবাদ ও খালেদা জিয়াকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।
বাংলাদেশকে টিকে থাকলে হলে, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে, উৎপাদন গণতন্ত্র ও মানবতাকে রক্ষা করতে হলে খালেদা জিয়া ও জঙ্গিবাদকে ধ্বংস করে দিত হবে। এটাই হবে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি।
তিনি আরো বলেন, জাসদ এদেশকে কখনো জঙ্গিবাদি তালেবানি রাষ্ট্র হতে দিতে পারে না। তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে সাজার মাধ্যমে কারাগারে রাখার ব্যবস্থা এদেশের জনগণ করে ছাড়বে।





