বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর সম্প্রতি করা মন্তব্যের সমালোচনা করে বলেন: খালেদা জিয়ার সাথে নির্বাচনের বিশাল সম্পর্ক আছে। ওবায়দুল কাদের এর বক্তব্য জবরদস্তিমূলক একতরফা নির্বাচনেরই ইঙ্গিতবহ।
‘‘খালেদা জিয়া যে ক’টি আসনে দাঁড়িয়েছেন তিনি কখনোই সেই নির্বাচনে পরাজিত হননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী পরাজিত হয়েছেন। সেজন্য খালেদা জিয়ার জনপ্রিয়তায় প্রধানমন্ত্রীর এতো বিদ্বেষ। আর এই জন্যই তাকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র।’’
শনিবার ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি আসুক না আসুক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো বিএনপি নির্বাচনে না আসলে আমাদের কিছু করার নেই। তাছাড়া খালেদা জিয়ার সাথে নির্বাচনের সম্পর্ক কী?
ওবায়দুল কাদেরর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন: খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওবায়দুল কাদের উদ্ভট কথাবার্তা বলছেন।
রিজভী বলেন: আমরা কাউকে মাইনাস করতে চাই না। কিন্তু যারা অন্যকে মাইনাস করতে চায় তারা প্রাকৃতিক নিয়মে নিজেরাই মাইনাস হয়ে যায়। খালেদা জিয়াবিহীন বিএনপি নির্বাচনে যাবে না, যাওয়ার প্রশ্নই আসে না।
শনিবার বি. চৌধুরীর বক্তব্য ‘আওয়ামী লীগ- বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য বিকল্প শক্তি দরকার’ এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে রিজভী বলেন: আমি এটি বিশ্লেষণ করিনি। তিনি দায়িত্ব নিয়েই হয়তো বলেছেন। আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে গণতন্ত্র অবরুদ্ধ। বৃহত্তর জাতীয় ঐক্যের মধ্য দিয়ে গণতন্ত্রবিরোধী দানবশক্তিকে পরাজিত করতে হবে।







