গণতন্ত্র, আইনের শাসন পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে প্রয়োজনের তাগিদে যে ধরনের সিদ্ধান্ত নেয়া দরকার সেটাই নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। একইসঙ্গে নেতাকর্মীদের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তারা।
শুক্রবার সকালে চট্টগ্রামে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের স্মরণ সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন।
হাটহাজারী উপজেলার লালিয়ার হাটে সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া, কল্যান পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মো. ইব্রাহিম, কেন্দ্রীয় মহিলা দলের সম্পাদক সুলতানা আহমেদ।
পিতার স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা।








