বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ দেওয়ার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বেগম জিয়া। তিনি ত্রাণের নামে রাস্তায় যানজট ও মানুষের ভোগান্তির বাড়াবেন। তিনদিনে আসা যাওয়ায় এই গুরুত্বপূর্ণ সড়কপথ অচল হয়ে পড়বে। তার এই সফরের উদ্দেশ্য ত্রাণ ও মানবিক নয়।
শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রোহিঙ্গাদের ঢাল হিসেবে রাজনীতি করছেন বেগম জিয়া। উদ্দেশ্য হচ্ছে রাজনীতি। তিনি রাস্তা অবরোধ করবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। এই তিন দিন যানজটের কারণে ঢাকা থেকে রোহিঙ্গাদের জন্য কোনো ত্রাণ যাবে না। এটা কি রোহিঙ্গাদের প্রতি ভালোবাসা, নাকি রাজনীতি।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে, উন্নয়নের এই অর্জনকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এখনো দুঃসময় ও সংকট আছে। উন্নয়নের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। চক্রান্তের গলিপথ দিয়ে অনেকে ক্ষমতায় আসতে চাইছে। বিএনপি চক্রান্ত করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, পানি ঘোলা করে ক্ষমতায় আসতে চাইছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিছবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান।








