পটুয়াখালীর ৩১ শয্যা বিশিষ্ট দুমকি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিপুল সংখ্যক সরকারি খাবার স্যালাইন ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়েছে জনগণ।
এ ঘটনায় হাসপাতালের নার্স ইন চার্জ আয়শা মারজানকে শো-কজ করেছে কর্তৃপক্ষ।
অভিযোগ উঠেছে, গতকাল সোমবার দুপুরে নার্স ইনচার্জ আয়শা মারজান এই স্যালাইনগুলো বাইরে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেললে তিনি ডাস্টবিনে ফেলে দিয়ে সরে পড়েন। পরে সেখান থেকে শত শত প্যাকেট স্যালাইন সাধারন মানুষ কুড়িয়ে নিয়ে যায়। সংগৃহীত স্যালাইনের মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল শাহিন জানান, ইতোমধ্যে আয়শা মারজানকে শো-কজ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে নার্স ইনচার্জ আয়শা মারজান জানান, তাকে শোকজ করা হলেও তিনি এ ঘটনার সাথে জড়িত নন।
এ ব্যাপারে সিভিল সার্জন আজ মঙ্গলবার দুপুরে মুঠোফেনে জানান, সাংবাদিকদের কাছে শুনলেও তাকে এখনও বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি। তবে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।








