বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে বাস করে নানা ধরনের সরীসৃপ প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৈচিত্র্যময় এই প্রাণীগুলোর অবদান অপরিসীম। কিন্তু খাদ্যের অভাব ও বাসস্থান হারিয়ে দিনদিন বিপন্ন হয়ে পড়ছে এই প্রাণীগুলো।
বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থার অন্যতম আধার সুন্দরবন। গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় গড়ে ওঠা এই বনাঞ্চলে আশ্রয় মিলেছে হাজারও উদ্ভিদ ও প্রাণীর। এখানে জলজ ও স্থলজ উভয় ধরনের প্রতিবেশ ব্যবস্থার সংমিশ্রণ দেখা যায়।
তাই আমাদের দেশের বন্য প্রাণীদের একটা বড় অংশ বিচরণ করে এই বনভূমিতে। এসব বন্যপ্রাণীর মধ্যে সরীসৃপ প্রাণী অন্যতম। সুন্দরবনে প্রায় ৩৫ প্রজাতির সরীসৃপ প্রাণী দেখা যায়। এদের মধ্যে অন্যতম বিভিন্ন প্রজাতির সাপ, কাছিম, গিরগিটি, গুইসাপ ও কুমির। এই বনকে কেন্দ্র করেই এসব প্রাণীর বিচরণ, খাদ্য গ্রহণ ও প্রজনন। এই প্রাণীগুলো বনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সুন্দরবনের বেশ কিছু সরীসৃপ প্রাণী বর্তমানে বিপন্ন।
বনভূমি ধ্বংস, অবৈধ শিকার ও দূষণের কারণে এদের সংখ্যা দিনদিন হ্রাস পাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক প্রতিবেশ। এই প্রাণীদের সংরক্ষণের জন্য প্রাকৃতিক আবাস নিশ্চিত করার কোন বিকল্প নেই।
পাশাপাশি সরীসৃপ প্রাণী সংরক্ষণে প্রয়োজন স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি। তবেই টিকে থাকবে বনের এই অমূল্য সম্পদ, সুস্থ থাকবে সুন্দরবনের সার্বিক পরিবেশ।
বিস্তারিত দেখুন শামীম আহমেদের ভিডিও রিপোর্ট








