খাগড়াছড়ির মহালছড়ির দুর্গম মনারটেক গ্রামে টয়লেটের গর্তে পড়ে ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রদীপ শশী চাকমা ও তার ছোট দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সে সময় টয়লেটের বিষাক্ত গ্যাসে দুই প্রতিবেশি অসুস্থ হয়ে পড়েন।
প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জল চাকমা জানান, রোববার রাত ১২টার দিকে উভেন্টু চাকমা বাড়ির পাশের টয়লেটে গেলে স্ল্যাব ভেঙে প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে যান। ভাইকে বাঁচাতে গিয়ে প্রদীপ শশী চাকমা ও হেভেন্তু চাকমাও গর্তে পড়ে যান। গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।







