ফাঁসির দণ্ডাদেশ পাওয়া একাত্তরের যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলাকে
কেন্দ্র করে খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে জারি
করা আদালত অবমাননা রুলের শুনানি হবে আগামীকাল।
আপিল বিভাগের আগের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার সংশ্লিষ্ট শাখায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন দুই মন্ত্রীর আইনজীবীরা।
দাখিল করা জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম নিঃশর্ত ক্ষমা চেয়ে ভবিষ্যতে আদালতের মর্যাদা ক্ষুন্ন হয় এমন বক্তব্য দেবেন না বলে ওই আবেদনে বলেছেন। তবে বর্তমানে বিদেশে থাকায় হাজির হওয়ার জন্য সময় চেয়েছেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পক্ষেও লিখিত বক্তব্য জমা দেওয়া হয়। তার আইনজীবী জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও এ ব্যাপারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
গত ৫ মার্চ এক গোলটেবিল আলোচনায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় আপীল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতির কিছু মন্তব্যের কঠোর সমালোচনা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
এরপর আদালত তাদের দুজনকেই আগামী ১৫ মার্চ তাদের এমন মন্তব্যের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।






