করোনা মহামারি সময়ে লকডাউনের মধ্যে পানাহার অনুষ্ঠান আয়োজন করার দায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন’র পদত্যাগ চাইছেন তার দলের নেতারা। যদিও এ ঘটনা সামনে আসার পর গত বুধবার হাউস অব কমন্সে ক্ষমা চেয়েছেন তিনি।
২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটে পানাহারের আয়োজন করেছিলেন তিনি।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বরিস জনসনের পদত্যাগ চেয়েছেন। তবে উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাব বরিসের পক্ষ নিয়েছেন।
কনজারভেটিভ পার্টির স্কটল্যান্ডের নেতা ও হাউস অব কমন্সের সদস্য ডগলাস রোস, সাংসদ উইলিয়াম রেগ, ক্যারোলিন নোকস, রজার গ্যালে প্রমুখ নেতা প্রধানমন্ত্রী বরিসের পদত্যাগ দাবি করছেন।
ক্ষমা চাওয়ার পর তার সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন রোস। তিনি জানান, বরিসের সঙ্গে তার ‘শক্ত কথাবার্তা’ হয়েছে। তিনি বরিসের নেতৃত্ব নিয়ে আস্থা ভোটের আয়োজন করা আর্জি নিয়ে ‘১৯২২ কমিটির’ কাছে লিখবেন।
তিনি আরও বলেন, যে ধরনের কাজ তিনি করেছেন, সেজন্য তাকে জবাবদিহি করতে হবে।
১৯২২ কমিটির কাছে যদি দলটির ৫৪ জন আইনসভার সদস্যরা চিঠি লেখেন, তবে বরিস প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন।







