রাশিয়ার ক্ষমতায় কে থাকবে তা সিদ্ধান্ত নেবার সম্পূর্ণ এখতিয়ার রাশিয়ার জনগণের, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের না বলে জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না -পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রাশিয়ার জনগণের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভে এ কথা জানিয়েছেন।
এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এটি বাইডেনের সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়। রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন রাশিয়ার জনগণের দ্বারা।
এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, বাইডেন শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি। তিনি বলতে চেয়েছেন, পুতিনকে তাঁর প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেয়া যাবে না।
বাইডেন ওয়ারশতে ইউক্রেন সরকারের মন্ত্রী ও পোল্যান্ডে সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিনকে ‘কসাই’ বলেন বাইডেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রুশ হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। তাদের বেশির ভাগই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের পশ্চিমে প্রতিবেশী দেশগুলোতে।







