ক্ষমতার সঙ্গে সঙ্গে দলে ‘কাউয়া’ ঢুকে পড়ে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওরা ৭১’এ ছিলো-৭৫’এ ছিলো। আমাদেরই কিছু নেতা দল ভারি করতে দলে কাউয়া ঢুকাচ্ছেন।
প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত গণহত্যা দিবসের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক জনসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, কাউয়ার অনুপ্রবেশ ঠেকাতে হবে। দল ভারি করতে এদের কোনো প্রয়োজন নেই।
এই সুবিধাভোগিদের দলের দু:সময়ে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপিকে তাদের রাজনৈতিক অবস্থান পরিস্কার করতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে আজ সকল প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দিলে পরিস্কার হবে তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, নাকি ’৪৭ এর পাকিস্তানে বিশ্বাস করে। তবে তাদের কর্মকাণ্ডে বুঝা যায় তারা পাকিস্তানের সাথে রাজনৈতিক আতাঁত করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রুয়ান্ডা গণহত্যার প্রেক্ষিতে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। কিন্তু ২৫ মার্চ পাকিস্তান যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা রুয়ান্ডা ও বসনিয়ার গণহত্যাকেও হার মানায়। আমাদের কাছে যথেষ্ট দালিলিক প্রমাণ রয়েছে, আমরা জাতিসংঘে যাব, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাইব।
রাজনীতিতে সৌজন্যতার অভাব দেখা দিয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, রাজনীতি ব্যানারে ছেয়ে গেছে। ওমুক ভাইয়ের সৌজন্যে, তমুক ভাইয়ের সৌজন্যে। ব্যানার, বিলবোর্ডে থেকে সব জায়গায় সৌজন্য। কিন্তু,রাজনীতিতে তো সৌজন্যতা দেখিনা! আমাদের নেত্রী এবং দল রাজনীতিতে সৌজন্যতা ফিরিয়ে আনার জন্য সর্বাত্বক চেষ্টা করছি।








