ক্লে কোর্টের রাজা বলা হয় তাকে। পড়তি ফর্ম নিয়ে ধুঁকতে থাকা সেই রাফায়েল নাদাল মন্টে কার্লোর লাল মাটিতে ফিরেই ধরা দিলেন পুরনো রূপে। কোয়ার্টারে আর্জেন্টাইন ডিয়েগো শোয়ার্টজারকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন এই স্প্যানিয়ার্ড।
কোয়ার্টারে শোয়ার্টজারকে কোর্টে দাঁড়াতেই দেননি নাদাল। ৬-৪, ৬-৪ সরাসরি গেমে ম্যাচ জিতে নিয়েছেন নয়বার মন্টে কার্লো ওপেন জয়ী তারকা। সেমিতে নাদাল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন নোভাক জোকোভিচকে বিদায় করে চমক জাগানো ডেভিড গোফিনকে।
রেকর্ড দশম বারের মত মন্টে কার্লো ওপেন জেতার দারুণ সুযোগ এখন নাদালের সামনে। অ্যান্ডি মারে কিংবা জোকোভিচদের মতো কঠিন প্রতিদ্বন্দ্বীরা ইতিমধ্যে ছিটকে পড়েছেন। টুর্নামেন্ট জিতে পড়তি ফর্ম ফিরিয়ে আনার সুযোগ থাকছে ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকার।









