বার্সেলোনার ড্রিম টিমের কারিগর তিনি। খেলোয়াড়-কোচ দুই জায়গায় সমান সফল ছিলেন কাতালান দলটির হয়ে। নিজেদের সেই সূর্য সন্তান ইয়োহান ক্রুইফের নামে স্টেডিয়াম তৈরি করার ঘোষণা দিয়েছে বার্সেলোনা।
গত বছর ক্যান্সারের সাথে যুদ্ধে না পেরে ৬৮ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ক্রুইফের স্মৃতিকে সরণীয় করে রাখতে একের পর এক উদ্যোগ নিচ্ছে বার্সা। স্টেডিয়াম তৈরিও তারই অংশ।
‘কুইটেট স্পোর্টিভাতে নির্মিতব্য আমাদের ভবিষ্যৎ স্টেডিয়ামটির নাম হবে ইয়োহান ক্রুইফের নামে। এখানে তার একটি মূর্তি থাকবে, থাকবে তার নামে একটি সম্পূর্ণ সেকশন; যাতে আমরা তার ইতিহাস সম্পর্কে সবাইকে জানাতে পারি।’ ক্রুইফের স্মৃতিকে জাগিয়ে রাখতে নিজেদের উদ্যোগের কথা এভাবেই জানিয়েছেন কাতালন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ।








