অস্ট্রেলিয়ার মেলবোর্ন গ্রাউন্ড ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্যই বিখ্যাত। রোমাঞ্চকর অনেক ম্যাচের স্বাক্ষী এই মাঠটি এবার আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টনা দ্বৈরথের আয়োজক হতে যাচ্ছে মেলবোর্ন। ম্যাচটি হবে আগামী ৯ জুন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি হেরাল্ড ভিক্টোরিয়া রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী জন ইরেনের বরাতে এ তথ্য জানিয়েছে। এতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াই দেখার সুযোগ মিলছে মেলবোর্নবাসীর।
এর আগে ২০০৭ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে মেলবোর্নে খেলেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির দল সেই ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকদের।
অন্যদিকে গত বছরের নভেম্বরে সবশেষ দেখা হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে ঘরের মাঠ বেলো হরিজন্তেতে নেইমার, কৌতিনহো ও পাউলিনহোর গোলে ৩-০ ব্যবধানে দুর্দান্ত এক জয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল।







