আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ হাফিজ। সোমবার আনুষ্ঠানিকভাবে ১৮ বছরের বর্ণীল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ‘প্রফেসর’ খ্যাত ৪১ বর্ষী পাকিস্তান অলরাউন্ডার।
‘১৮ বছর আগে পাকিস্তান ক্রিকেটের সাথে যে যাত্রা শুরু করেছিলাম, সেটির আনুষ্ঠানিক সমাপ্তি টানছি আজ। পাকিস্তানকে সবসময়ই গর্বের সাথে প্রতিনিধিত্ব করেছি এবং ১৮ বছরে যা-ই খেলেছি, দেশের সম্মানের জন্য খেলেছি। পাকিস্তানের পতাকাকে সমুন্নত রাখার চেষ্টা করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও সবধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন হাফিজ। জানিয়েছেন, নিজের ক্যারিয়ারের সকল অর্জন নিয়ে সন্তুষ্ট তিনি।
‘আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট। পাকিস্তানের জন্য যেসব অর্জন বয়ে এনেছি, সেগুলোর জন্য গর্ববোধ করি। তবে যতদিন সবল রয়েছি, আন্তর্জাতিক লিগগুলোতে খেলা চালিয়ে যাবো এবং পারফর্ম করার চেষ্টা করবো।’
ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে জীবনের প্রথমদিকের ক্লাব ফয়সল ক্রিকেট ক্লাব এবং অ্যাপোলো ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ জানাতে ভোলেননি হাফিজ। ধন্যবাদ জানিয়েছেন পরিবার, সতীর্থ, অধিনায়ক, সাপোর্ট স্টাফ, ক্রিকেট বোর্ড এবং মিডিয়াকেও।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হাফিজের। খেলেছেন ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-টুয়েন্টি।
ক্যারিয়ারে ১২,৭৮০ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ২৫৩টি। পাকিস্তানের হয়ে মোট ৩২ বার জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।
২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ হয়ে থাকল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন স্পিন-অলরাউন্ডার।







