সদ্য সমাপ্ত বিপিএলে মাঠ থেকেই দেশি-বিদেশি ৭২ জুয়াড়িকে আটক করেছিল বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। তবে আইনের সীমাবদ্ধতা থাকায় তাদের শাস্তির আওতায় আনা যায়নি। এবার ক্রিকেটজুয়া নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের ভেন্যুতে থাকবে মোবাইল কোর্ট। জুয়াড়িদের জেল, জরিমানা করা যাবে তাতে।
রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আসন্ন সিরিজ নিয়ে আমরা ইতিমধ্যে কিছু বাড়তি ব্যবস্থা নিয়েছি। প্রশাসনিক বিষয়গুলো সম্পন্ন করা হয়েছে। একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়ে গেছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর জন্য যারা দায়িত্বে থাকেন তারা সমন্বয় সভাগুলো করে নিয়েছে। প্রতিটি ভেন্যুতে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা প্রতিটি ভেন্যুতে মেজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করবেন। তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসানোর একটি পরিকল্পনাও সরকারের রয়েছে এবং সে ব্যাপারে একটি নির্দেশনাও দেয়া হয়েছে।’
স্টেডিয়ামে বাজি ধরতে ব্যবহার করা হয় মুঠোফোন। টিভিতে ৪-৫ সেকেন্ড দেরিতে সম্প্রচার হওয়ায় এই সময়টা কাজে লাগিয়ে মাঠে বসে অনলাইনে জুয়া ধরে অনেকে। সেটি রোধেও নজরদারি বাড়ানো হবে বলে জানান বিসিবির এই কর্মকর্তা।
১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এই আসরে ফাইনালসহ ম্যাচ সাতটি। প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ২৭ জানুয়ারি।
এরপর ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ৮-১২ ফেব্রুয়ারি মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। আর ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে সিরিজ।







