আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের বেন কুপার। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন ২৯ বছর বয়সী এ ব্যাটার।
‘আট বছর ধরে আমি নেদারল্যান্ডসের হয়ে প্রতিনিধিত্ব করছি। কমলা জার্সিতে এই কাজটা সত্যিই অনেক গৌরব ও সম্মানের। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’
নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা নিজেরে বাল্যকালের স্বপ্ন বলে উল্লেখ করেন কুপার। আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেশের ক্রিকেট বোর্ড, কোচ এবং সতীর্থদের।
তিনি লিখেছেন, ‘‘আমার বাল্যকালের স্বপ্ন পূরণ করার জন্য নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। দলের সাথে সময়টা অনেক অসাধারণ ছিল। নেদারল্যান্ডসের অতীত এবং বর্তমান সকল কোচ এবং সতীর্থদের ধন্যবাদ জ্ঞাপন করছি।’’
দেশের জার্সিতে আন্তর্জতিক ক্রিকেটে মোট ৭০ বার মাঠে নেমেছেন কুপার। ২০১৩ সালে কানাডার বিপক্ষে ওয়ানডে ম্যচের মধ্যদিয়ে অভিষেক হয় বাঁহাতি এ ব্যাটারের।
নেদারল্যান্ডসের হয়ে ৫৮ টি-টুয়েন্টি ম্যাচে ১২৩৯ রান করা কুপার এ ফরম্যাটে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে ১৮৭ রান করেছেন তিনি।
টি-টুয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কমলা জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন কুপার।







