ক্যাসিনো বিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. এনামুল হক আরমানের অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, সে প্রশ্নে রুল জারি করেছেন আদালত।
আলাদা মামলা এই দুজনের জামিন বাতিলে দুদকের রিভিশন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের রুল জারি করেছেন। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দল-মত নির্বিশেষে ২০১৯ সালে বিভিন্ন খাতের অরাজকতা, বিশৃঙ্খলা ও অবৈধ অর্থের বিরুদ্ধে ‘শুদ্ধি অভিযান’ শুরু করে আইন প্রয়োগকারী বিভিন্ন বাহিনী। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর ফকিরাপুলে ইয়াং ম্যান্স ক্লাবে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে র্যাব। এরপর একে একে রাজধানীসহ দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবগুলোতে র্যাবের ধারাবাহিক অভিযানে বেরিয়ে আসতে থাকে ক্যাসিনোর অন্ধকার জগৎ।








