ক্যাসিনোকাণ্ডে যুবলীগ থেকে বহিষ্কৃত খালেদ মাহমুদ ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ উল্লাহ খানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে খালেদের সহযোগী মোহাম্মদ উল্লাহ খান ওরফে মোহাম্মদ আলীকে আটক করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম স্কোয়াড।
পরদিন তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। আজ তাকে কারাগারে পাঠানো হয়।
মোস্তফা কামাল বলেন: গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহকে বুধবার আদালতে তোলা হয়। সেখানে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় খালেদের টেন্ডারবাজিসহ যাবতীয় অপরাধ সম্পর্কে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার শারমীন জাহান চ্যানেল আই অনলাইনকে বলেন: দীর্ঘদিন ধরে ক্যাসিনো অভিযানে আটক খালেদ মাহমুদ ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করে আসছিলে মোহাম্মদ উল্লাহ খান। খালেদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আয়ের হিসাব পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতেন তিনি। সরকারের ক্যাসিনো অভিযান শুরু হলে গা ঢাকা দেয় মোহাম্মদ উল্লাহ।
জানা যায়, তিনি খালেদের মালিকানাধীন ভূঁইয়া অ্যান্ড ভূঁইয়া ডেভেলপার লিমিটেডের জিএম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।







