লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন ফিলিপে কৌতিনহো। ব্রাজিল তারকার এই বার্সায় যাওয়া নিয়ে বেজায় চটেছেন তার জাতীয় দল সতীর্থ নেইমার। কেন? কারণ, বার্সায় মেসি আছেন!
এমনিতে নেইমার আর কৌতিনহো ভাল বন্ধু। বন্ধুকে তাই নিজের বর্তমান ক্লাব পিএসজিতে নেয়ার চেষ্টায় ছিলেন নেইমার। সেটা হয়নি। উল্টো তার সাবেক ক্লাবে গেছেন কৌতিনহো। যাদের সঙ্গে ক্লাব ছাড়া সময় থেকে সম্পর্ক বেশ তিক্ত।
নেইমারের আশঙ্কা, বার্সায় মেসির যে পরিমাণ প্রভাব রয়েছে, সেটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে কৌতিনহোর ওপর। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘ডন ব্যালন’র দাবি এমনই।
মেসির ছায়ায় ঢাকা পড়ে যেতে পারেন কৌতিনহো, সেই শঙ্কাটা নিয়েই নাকি যত খুঁতখুঁতানি নেইমারের।
তবে ‘ডন ব্যালন’র দাবির একেবারে উল্টো সুরে কথা বলেছেন স্বয়ং কৌতিনহোই, ‘বার্সায় আসার আগে আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। দল, ড্রেসিংরুম এবং এই শহর সম্পর্কে সে ভাল ভাল কথাই বলেছে। কথা বলেছিলাম সুয়ারেজ আর পাউলিনহোর সঙ্গেও। তারাও ইতিবাচক কথাই বলেছিল। তাই সিদ্ধান্ত নিয়েছি।’
ইনস্টাগ্রামে অবশ্য কৌতিনহোকে অভিনন্দন জানিয়েছেন নেইমার। লিখেছেন, ‘তোমার জন্য খুব খুশি, আমি তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্যের আশা করি, আমি নিশ্চিত যে তুমিও খুব খুশি হবে।’
নেইমার মজা করেছেন কৌতিনহোর হেয়ার স্টাইল নিয়েও। ম্যাসেজের শেষে লিখেছেন, ‘এবার আমাকে বল, এটা কি চুলের ফ্যাশন?’







