বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। মঙ্গলবার গ্রুপপর্বের শেষ ম্যাচে দৈনিক যুগান্তরের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি।
প্রথম ম্যাচে চ্যানেল আই ১-০ গোলে হারায় টি-স্পোর্টসকে। গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে তারা।
বুধবার আসরের চারটি কোয়ার্টার ফাইনালে লড়বে বৈশাখী টিভি-ইন্ডিপেন্ডেন্ট টিভি, বাংলাভিশন-ডেইলি স্টার, চ্যানেল আই-ঢাকা ট্রিবিউন, জাগো নিউজ-যমুনা টিভি।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে গ্রুপপর্বের শেষদিনের খেলায় জয় পেয়েছে যমুনা টিভি, বৈশাখী টিভি ও ডেইলি স্টার। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে যমুনা টিভি। ৫-০ গোলে তারা হারিয়েছে সমকালকে।
দুই জয় নিয়ে যমুনা টিভি উঠেছে কোয়ার্টার ফাইনালে। বিজয়ী দলের মেহেদী হাসান সোহেল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।
একাত্তর টেলিভিশনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছে বৈশাখী টিভি। দলটির শাহ আলম ম্যাচসেরা হন। ডেইলি স্টার নাবিদ ইয়াসিনের একমাত্র গোলে হারিয়েছে নিউজ ২৪’কে। নাবিদ ইয়াসিন হন ম্যাচসেরা।
দিনের বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। গোলশূন্য ড্র করেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক জনকণ্ঠ। বাংলাভিশন ও সময় টিভির খেলাও ছিল গোলশূন্য। জাগো নিউজ ও একুশে টিভির খেলায় কোনো গোল হয়নি। ১-১ গোলে ড্র হয় দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের ম্যাচটি।
সোমবার সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ঢাকা ট্রিবিউন। জাতীয় ফুটবল দলের সাবেক কোচ একেএম মারুফুল হক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন ম্যাচসেরাদের হাতে পুরস্কার তুলে দেন।








