সবুজের শেষ মুহূর্তের গোলে আরামবাগের বিপক্ষে ১-১ গোলে ‘ড্র’ করে স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী।
দলদুটি নিজেদের আগের ম্যাচও ড্র করে। চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে ড্র করেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, একই দলের বিরুদ্ধে আরামবাগের ‘ড্র’ ছিল গোলশূন্য। হারলেই বিদায়-এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে হারটাই দেখতে যাচ্ছিল গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী।
৫১ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় আরামবাগ। ৭৮ মিনিটে চ্যম্রিন রাখাইনের বদলি হিসেবে মাঠে নামা সবুজ করেন গোল।
ইনজুরি টাইমে কৌশিকের ক্রসের বল জাফর ইকবালের মাথা হয়ে সবুজের সামনে গেলে ভলিতে গোল করেন প্রিমিয়ার লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ এ গোলদাতা।
চট্টগ্রামের পাশাপাশি আরামবাগও কোয়ার্টার ফাইনালে উঠেছে। পয়েন্ট, গোল দেওয়া এবং গোল খাওয়ার হিসাবে সাইফ ও আরামবাগ সমান। কার্ডের হিসেবে সাইফকে (২টি হলুদ কার্ড) পেছনে ফেলে গ্রুপের রানার্সআপ হিসেবে সেরা আটে উঠেছে আরামবাগ (১টি হলুদ কার্ড)।








