জ্যামাইকার সঙ্গে ১-০ গোলের জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো প্যারাগুয়ে। জয়সূচক গোলটি করেন এডগার বেনিতেজ।
আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় প্যারাগুয়ে। আর প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিলো জ্যামাইকা।
খেলার শুরু থেকেই জ্যামাইকার ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে প্যারাগুয়ে। ২৭ ও ৩২ মিনিটে দারুণ দুটি সুযোগ পেয়েছিলো তারা। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় স্ট্রাইকাররা।
তবে ৩৬ মিনিটে প্যারাগুয়েকে গোল উপহার দেয় জ্যামাইকা। ডি-বক্সের বাইরে এসে গোলরক্ষক হেড দিয়ে বল ক্লিয়ার করতে গেলে প্যারাগুয়ের ফরোয়ার্ড বেনিতেজের গায়ে লেগে জালে চলে যায় বল। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।
এবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলে আট আসরে সপ্তমবারের মতো কোয়ার্টারে উঠবে প্যারাগুয়ে। আর গতবার তো তারা ফাইনালই খেলেছে।







