টেস্ট, ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টুয়েন্টি, হারের বৃত্ত থেকে বের হতে পারল না শ্রীলঙ্কা। বুধবার ভারতের কাছে সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে ৭ উইকেটে হেরে ষোলোকলা পূর্ণ করেছে লঙ্কানরা।
কলম্বোতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্বাগতিকরা। সফরকারীরা সেটি ৪ বল ও ৭ উইকেট অক্ষত রেখেই টপকে যায়।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪২ রানে দুই ওপেনার রোহিত শর্মা (৯) এবং লোকেশ রাহুলের (২৪) উইকেট হারালেও চাপে পড়েনি ভারত। মনিশ পান্ডের সঙ্গে ১১৯ রানের জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে রেখে যান কোহলি।
ভারতীয় অধিনায়ক ৫৪ বলে ৭ চার ও এক ছক্কায় ৮২ রানের ঝোড়ো ইনিংস সাজিয়েছেন। পান্ডে অপরাজিত থেকে যান ৪ চার ও এক ছয়ে৩৬ বলে ৫১ রানে।
এর আগে প্রেমাদাসায় পাওয়ার প্লেতে ওভার প্রতি ৯.০৭ রেটে রান তুলে বড় স্কোর গড়ে লঙ্কানরা। চলতি বছর পাওয়ার প্লেতে এর চেয়ে বেশি রেটে রান তুলেছে কেবল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ।
তাতে ২৯ বলে ৪ ছক্কা ও ৫ চারে দিলশান মুনাবিরার ৫৩ ও অভিষিক্ত আশান প্রিয়াঞ্জনের ৪০ বলে ৪০ রানে লড়াইয়ের পুঁজি পায় লঙ্কানরা। ভারতের হয়ে যুজবেন্দর চাহাল নিয়েছেন ৩ উইকেট।







