অ্যাঞ্জেলো ম্যাথুজ দায়িত্ব ছাড়ার পর তার কাঁধেই বর্তেছে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্বের ভার। কিন্তু নেতাগিরির শুরুর অধ্যায়েই প্রতিবন্ধকতা তৈরি করল অসুস্থতা। নতুন অধিনায়ক দিনেশ চান্দিমাল ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শ্রীলঙ্কা দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন লঙ্কান টেস্ট দলপতি। বৃহস্পতিবার রাতে তার রক্ত পরীক্ষার রিপোর্ট এলে টিম হোটেল থেকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এতে কোহলিদের বিপক্ষে নিশ্চিতভাবেই প্রথম টেস্টে নামা হচ্ছে না চান্দিমালের।
ভারতের বিপক্ষে তিন টেস্টের সিরিজ একেবারে দোরগোড়ায়। আগামী বুধবার মাঠের লড়াই শুরু। চান্দিমাল যখন দল গোছাবেন, পরিকল্পনা আঁটবেন; তখনই কিনা গলের হাসপাতালে বিছানাবন্দী থাকতে হচ্ছে। সেই বন্দীদশাটা দীর্ঘও হতে পারে। আশাঙ্কা গুরুসিনহাই জানালেন, সিরিজের দ্বিতীয় টেস্টও বাইরে থাকতে হতে পারে চান্দিমালকে।
অন্তত এক সপ্তাহের প্রাথমিক পর্যবেক্ষণে থাকবেন ২৭ বছর বয়সী চান্দিমাল। তারপর ডাক্তাররা পরের ব্যবস্থাপত্র দেবেন। খেলার জন্য ফিট হতে দুসপ্তাহের মত লাগার সম্ভাবনাই বেশি।
চান্দিমালের ছিটকে যাওয়ার শঙ্কাটা বৃহস্পতিবারই সামনে আসে। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে রঙিন পোশাকের অধিনায়ক উপুল থারাঙ্গাকে আসতে দেখেই অনুমান করা গিয়েছিল। এখন নিয়মিত অধিনায়কের না ফেরা পর্যন্ত অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ সামলাবেন টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব। আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য আসেনি। ম্যাথুজের চোটের কারণে গত বছর জিম্বাবুয়ে সিরিজে এবং বাংলাদেশের বিপক্ষে গত হোম সিরিজে আপদকালীন নেতার দায়িত্ব পালন করেছেন হেরাথ।
চান্দিমাল ২০১৩ সালে শ্রীলঙ্কার ইতিহাসের সর্বকনিষ্ঠ নেতা বনে যান টি-টুয়েন্টির অধিনায়কত্ব পাবার মধ্য দিয়ে। টেস্টেও অভিষেক হয়ে গেছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টে। নতুন শুরুর পথে সেই ধারাবাহিকতায় ছেদ টানল নিউমোনিয়া!










