তার ব্যাট যখন কথা বলে, বাকিরা হয়ে যায় বাকরুদ্ধ। বিশেষ করে প্রতিপক্ষের বোলাররা। সেই বিরাট কোহলিকে সবচেয়ে বেশি বেগ দিয়েছে কোন বোলার? সামলাতে গিয়ে কাকে মনে হয়েছে কঠিন? সেটা নিজেই জানিয়েছেন ভারত অধিনায়ক। বোলারটির নাম মোহাম্মদ আমির, পাকিস্তানের গতি তারকা।
ভারত অধিনায়ক বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বেগ দিয়েছে কোন বোলার? এমন প্রশ্ন করলে আমিরের নামই বলব। বিশ্বের প্রথম দু’তিনজন সেরা বোলারদের একজন সে। আমার ক্যারিয়ারে যেসব বোলারদের বিপক্ষে খেলতে গিয়ে সমস্যায় পড়েছি, তাদের মধ্যে আমির অন্যতম। তার বিরুদ্ধে খেলতে গেলে সেরাটা দিতেই হবে। না হলে সামান্য সহানুভূতিও দেখাবে না। সত্যিই সে দুর্ধর্ষ বোলার।’
অভিনেতা আমির খানের চ্যাট শো’তে গিয়ে একথাই বলেছেন বিরাট। আগামী রোববার সম্প্রচারিত হবে আলোচিত পর্বটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এক বিধ্বংসী স্পেলে ভারতকে একাই গুড়িয়ে দিয়েছিলেন আমির। ভারতীয়দের প্রথম তিনটি উইকেটই নিয়েছিলেন তিনি। যার একজন ছিলেন বিরাট কোহলি।








