কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। খেলার মাত্র ৯ মিনিটে জাতীয় দলের হয়ে ৫০ গোলের মাইল ফলক অর্জন করেন মার্কিন ফুটবল তারকা ক্লিন্ট ডেম্পসে।
নিজে গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছেন দু’গোল। খেলার ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডেম্পসে। এরপর মাচের ৩৭ মিনিটে আবারো এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এই গোলটিরও জোগান দাতা ডেম্পসে। তার পাস থেকেই দারুণ দক্ষতায় বল জালে জড়ান জেরমিন জোনস।
এর ৫ মিনিট পরই আবারও এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ক্লিন্ট ডেম্পসের পাস থেকে গোল করেন ববি উড। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পাচ্ছিল না কেউ। তবে ম্যাচের ৮৭ মিনিটে কোস্টারিকার কফিনে শেষ পেরেক ঠুকেন গ্রাহাম জুসি। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।








