পুরো গল্পটা স্বপ্ন দেখার। সাহসের এবং চ্যালেঞ্জ নেওয়ার। চ্যালেঞ্জ নিয়েছে চ্যানেল আই তথা ইমপ্রেস। চ্যালেঞ্জ নিয়েছেন তরুণ নির্মাতা রিপন নাগ এবং তার বাহিনী। ১১০০০ বর্গফুটের সেটে ২৬ টি জোনে কাজ চাট্টিখানি কথা নয়। কী নেই সেখানে। ‘সাত ভাই চম্পা’র সেটে। জনপ্রিয় বাংলা লোকগাথা ‘সাত ভাই চম্পাকে বিপুল ব্যয় এবং বিশাল আয়োজনে নতুন বছরের ফেব্রুয়ারির শেষভাগে টেলিভিশন সিরিজ হিসেবে আনতে চলেছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।
প্রায় কোটি টাকার সেটে আছে নজরকাড়া রাজপ্রাসাদ, জমকালো রানীদের ঘর, পাহাড়ি ঝর্ণায় তৈরি হওয়া পদ্ম-পুকুর। ঝর্ণা থেকে কল কল শব্দে অবিরাম নেমে আসছে পানি। নামছে পদ্ম-পুকুরে। পুকুরে ভাসছে লাল-সাদা পদ্ম-শাপলা ফুল। তার পাশেই ধবধবে সাদা ফুলে ভরা ওষধি গাছ। সবুজ ঘাসের উপর ছড়িয়ে আসে সাদা সাদা ফুল। গাছে বাঁধা রাজকীয় দোলনা। দোলনায় দোল খাচ্ছে চম্পাবতী। সঙ্গে ৩২ লক্ষ টাকার প্রপস, মুখ্য ৬০ ও মোট ৮০টি চরিত্রের জন্য প্রায় সহস্রাধিক পোশাক। ৩০০ পর্বের টেলি সিরিজের অন্যতম বিষয় হচ্ছে ময়মনসিংহ গীতিকার বাংলা লোকগাথা ‘সাত ভাই চম্পা’।
আর ৬দিনের শুট হলে ৬০ পর্বের কাজ শেষ হয়ে যাবে জানান পরিচালক রিপন নাগ। এটি তার প্রথম টেলিভিশন সিরিজ নির্মাণ। এর আগে কেবল টিভিসি এবং কর্পোরেট প্রোফাইল তৈরি করতেন। তার নিজের একটি প্রযোজনা সংস্থা রয়েছে নাম ডার্ক রুম। প্রথম থেকে নির্মাতা চেয়েছেন দেশীয় গল্প নিয়ে একটি টেলি সিরিজ করবেন। স্বপ্ন পূরণের জন্য ছুটে আসেন ইমপ্রেসের কাছে। ডিরেক্টর মার্কেটিং ইবনে হাসান সেই সুযোগ করেন দেন তাকে।
২০১৬ সালের অক্টোবর থেকে প্রি প্রোডাকশন্স এর কাজ শুরু হয়। ২০১৭ সালের এপ্রিলে শুরু হয়েছে শুটিং।
টেলি সিরিজে মহারাজা বিজয় বাহু চরিত্রে অভিনয় করেছেন অমিত সিনহা। যিনি পেশায় ডাক্তার। তার বড় রাণী শানরৈ দেবী শানু, মেজ রানী দোলন, মহামন্ত্রী আহমেদ শরীফ, মন্ত্রী ১ চরিত্রে চ্যানেল আল্টিমেট ম্যান সিজন ২ এর চ্যাম্পিয়ন ইন্দ্রজিৎ, মন্ত্রী ২ চরিত্রে নাদের খান। এছাড়া চরিত্র নির্বাচনেও আছে আরো চমক।
‘তবে চম্পাবতী কীভাবে জন্ম নেয়। কোন রানীর ঘরে? নাকি কোন সাধারণ ঘরে জন্ম নেয় সাত ভাইয়ের এক বোন চম্পা? এ চরিত্রে কে অভিনয় করছেন? একাধিক প্রশ্নে পরিচালকের সহাস্য উত্তর, ‘সে তো এখনও ঠিকই হয়নি।’ তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা শুরু থেকে দর্শককে অপেক্ষায় রাখতে চাইছি। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গকে সহজ কায়দায় তুলে ধরার চেষ্টা রাখছি। আর কৌতূহলী করতে চাইছি চম্পা সম্পর্কে।’
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চ্যানেল আই অনলাইনকে বলেন, টেলি সিরিজটি আমাদের দেশী দর্শককে আনন্দ দেবে। এতে আমাদের দেশের লোকজ সংস্কৃতি ফুটে উঠবে। পর্দায় দর্শক দেখে খুশি হলেই আমাদের শ্রম সার্থক হবে।’
টেলি সিরিজটির পর্ব এবং গল্প বিন্যাস পরিচালকের নেতৃত্বে করেছেন নাজাকাত আহমেদ খান ও ইমতিয়াজ সজীব। ডিওপি (ডিরেক্টর অব ফটোগ্রাফি)হিসেবে রয়েছেন আসিফ, শিল্প নির্দেশনায় চারুকলার চয়ন কুমার দাস এবং পোশাক পরিকল্পনায় নওশিন নদী। সিরিজটির নির্বাহী প্রযোজক ইসমাত আরা।








