বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ উদযাপিত হলো কোটি কণ্ঠে জাতীয় সংগীতের মুর্ছনায়। গণজাগরণ মঞ্চের উদ্যোগে জাতীয় সঙ্গীত গেয়ে মহান বিজয় দিবসে বিজয় মুহূর্ত উদযাপন করেছেন দেশের কোটি মানুষ। বিকেল ৪টা ৩১ মিনিটে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পনের সময়টাতে ওই জাতীয় সঙ্গীতের পর সমবেত শপথে অংশ নেন সবাই।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের সময়টাকে আবারো অন্যরকমভাবে স্মরণ করলেন বাঙ্গালী।
গণজাগরণ মঞ্চের আয়োজনে কোটি কন্ঠে জাতীয় সঙ্গীত গাইতে নির্ধারিত সময়ের আগেই হাজির হন সবাই। সংক্ষিপ্ত কাউন্টডাউনের পর শুরু হয় প্রাণের জাতীয় সঙ্গীত।
এরপর সমবেত শপথ গ্রহণ করেন সবাই। বাঙ্গালী চেতনাকে শানিয়ে তোলার শপথবাক্য পাঠ করান অর্থনীতিবিদ আবুল বারাকাত।
অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার কথা বলেছে গণজাগরণ মঞ্চ।






