কে হবেন কোচ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই প্রশ্নের সমাধান দেবেন টাইগারদের পরামর্শক হতে যাওয়া গ্যারি কারস্টেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ড থেকে সংক্ষিপ্ত তালিকায় তিন জন সম্ভাব্য কোচের নাম রাখা হয়েছে। কারস্টেন সেখান থেকে একজনকে নির্বাচন করতে সাহায্য করবেন।
‘হেড কোচের সংক্ষিপ্ত তালিকায় এখন তিনজন কোচ আছেন। যারা বিসিবির চাওয়া অনুযায়ী দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী,’ নাজমুল হাসান বলেন, ‘তাদের মধ্যে থেকে সেরা কোচ বেছে নেওয়া হবে কারস্টেনের মতামতের উপর ভিত্তি করে।’
‘চলতি মাসের মধ্যেই বিশেষ কিছু জানতে পারবেন,’ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘কারস্টেন জানতে চায় আমাদের জন্য কী ধরনের কোচ দরকার। জাতীয় দল, একাডেমির জন্য কেমন কোচ আমরা চাই এবং প্রধান কোচ কেমন হওয়া উচিত। এসব বিষয়গুলোর উপর ধারণা নিয়ে তিনি (কারস্টেন) একজনকে খুঁজে বের করতে চান। কারস্টেন একটা পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশের কোচ কী ধরনের হলে ভালো হয় সেটা তার মতো করে ভাবছেন।’
কারস্টেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে কাজ করছেন। দলটির প্লে-অফে খেলা অনিশ্চিত। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ১৯ মে। সেরা চারে উঠতে না পারলে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন, এমন আভাস দিয়েছেন বিসিবি সভাপতি।







