কোপা ডেল রে’তে আজ চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। গত সপ্তাহেই লা লিগা জিতেছে বার্সেলোনা। আর ইউরোপা লিগে হ্যাটট্রিক শিরোপা জিতেছে সেভিয়া। দুই চ্যাম্পিয়নের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে।
২০০৬ সালের পর ইউরোপিয়ান ফুটবলে এই দুই দলের চেয়ে বেশি শিরোপা জেতেনি আর কেউ। এই মৌসুমে লিগে দুই দলই একে অন্যকে হারিয়েছে। দুটি ম্যাচেরই ফল ২-১, তবে এর আগের লড়াইটাই বেশি রোমাঞ্চ ছড়িয়েছিল। উয়েফা সুপার লিগে সেভিয়ার সঙ্গে বার্সার ৫-৪ গোলের ম্যাচটা তো মনের রাখার মতো।
এমনিতে খিদে মেটে না। তার ওপর এবার স্প্যানিশ লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ পাওয়া হয়নি। তাই কোপা ডেল রে–টা কিছুতেই হাতছাড়া করতে চাইছে না গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৭বারের চ্যাম্পিয়নদের সামনে ফাইনালে সেভিয়া।
ম্যাচের আগে বার্সা কোচ লুই এনরিকে বলেছেন, ‘আরও একটা ট্রফি জেতার সুযোগ আমাদের সামনে। তাই স্বাভাবিক ভাবেই আমরা অত্যন্ত উত্তেজিত। প্লেয়ারদের সবার ফোকাস ঠিক আছে। এবারও এই ট্রফিটা জিতে মৌসুম শেষ করার লক্ষ্যে নামব আমরা।’
এই ম্যাচের আগে বিতর্ক তৈরি হয়েছে। মাদ্রিদের ভিসেন্টে কালডেরন স্টেডিয়ামে কাতালান প্রদেশের পতাকা রাখা নিয়ে। প্রথমে এর অনুমতি পাওয়া না গেলেও পরে অনুমতি দিয়েছে আদালত।
এনরিকে বলেন, ‘মতপ্রকাশের অধিকার সবার আছে। খেলাধুলোর সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা ঠিক হবে না।’








