টিম পেইন, ক্যামেরন বেনক্রফট ও শন মার্শকে ১৩ জনের দলে টেনে অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ম্যাথু ওয়েড, উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাট রেনশো এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।
বাংলাদেশ ও ভারত সফরে বাজে পারফরম্যান্সের কারণে ওয়েডের বাদ পড়া একপ্রকার অবধারিতই ছিল! তবে বিস্ময় হয়ে থাকছে রেনশর অ্যাশেজ দলে জায়গা না পাওয়া। বাঁহাতি ওপেনারের বাদ পড়ার পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে ঘরোয়া শেফিল্ড শিল্ডে রান খরাকে। ৬ ইনিংসে করেছেন মাত্র ৭০ রান। নয়তো সাদা পোশাকে ব্যাগিগ্রিনে যাত্রাটা সম্ভাবনাময়ই হয়েছিল রেনশর।
রেনশর জায়গায় যিনি দলে জায়গা পেয়েছেন সেই বেনক্রফট চলতি শেফিল্ড শিল্ডে করেছেন ৪০৭ রান। সাউদার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের শেষ ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে অপরাজিত ২২৮ রানের ঝলমলে ইনিংস আছে এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। বাংলাদেশ সফরের দলেও ছিলেন বেনক্রফট। তবে সর্বশেষ সফরের দলে নয়। দুবছর আগে যে সফরটি পিছিয়ে দেয় অজিরা, সেই স্কোয়াডে ছিলেন।
সেখানে দল ঘোষণার আগে আলোচনাতেই ছিলেন না টিম পেইন। ৯১টি প্রথম শ্রেণির ম্যাচে যার মাত্র একটি সেঞ্চুরি, সেটিও ১১ বছর আগের স্মৃতি, জায়গা মেলে না রাজ্য দলেও, সেই পেইনই অজিদের অ্যাশেজ দলে বড় চমক বলা যায়। নিজের খেলা চার টেস্টের সর্বশেষটিতে নেমেছিলেন সেই ২০১০ সালে। গ্লাভস হাতে এ মুহূর্তে অজিদের সেরাদের একজন তিনি। সেটাই টেনে আনল দলে।
শন মার্শের ফর্মই ফিরিয়েছে দলে। তার রাজ্য দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বারবার টেনে আনছিলেন অ্যাশেজে মার্শের প্রয়োজনীয়তার কথা। স্কোয়াডে পেসারদের আধিপত্য থাকবে সেটা অনুমিতই। দুজন স্পিনারও রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। অফস্পিনার নাথান লায়নের সঙ্গী লেগস্পিনার চ্যাড সেয়ার্স।
২৩ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট বসবে অ্যাডিলেডে, ২ ডিসেম্বর।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের অস্ট্রেলিয়া দল
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), ক্যামেরন বেনক্রফট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, শন মার্শ, টিম পেইন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, চ্যাড সেয়ার্স।







