ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিন থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছে।
একটু শ্বাসকষ্টের জন্য বুধবার তাকে এইচডিইউতে স্থানান্তর করা হলেও শারীরিকভাবে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু কেবিনে অতিরিক্ত দশনার্থী আসছে। এছাড়া তার একটু শ্বাসকষ্টও হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি ভালো আছেন। নিজে হেঁটেই টয়লেটে যেতে পারছেন।
নাসির উদ্দিন বলেন, ডাকসুর ঘটনায় আহতদের চিকিৎসায় ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা সজাগ। এছাড়া তাদের জন্য ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। সবসময় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার তুহিন ফারাবি রাজধানীর চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের- সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক।
রোববার দুপুরে ডাকসু ভবনের ভেতরে এবং বাইরে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা চালায়। প্রায় আধঘণ্টা চলে সেই হামলা। এতে ভিপি নুরসহ আহত হয় অন্তত ১৫ জন।
হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের উদ্ধার করেন। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।







