অস্কার জয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক জানিয়েছেন, সন্তানদেরকে অভিনয় পেশা বেছে নিতে জোর করবেন না তিনি। ৪৪ বছর বয়সী এই তারকা জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তারকা খ্যাতির নেতিবাচক দিকগুলোর সাথে তিনি সন্তানদের পরিচয় করাতে চান না।
পিপল ম্যাগাজিনকে তিনি বলেন ‘আমি মনে করি এটা বেশ কঠিন ব্যাপার। আমি আমার অভিনেতা পরিচয় ভালোবাসি। কম বয়সেই অভিনয়ের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলাম আমি। যা ঘটেছে, তাতো বদলানোর সুযোগ নেই। তবে আমার সন্তানদের বয়স ১৮ হওয়ার আগে তাদের দিয়ে অভিনয় করাতে চাই না আমি।’
তিনি বলেন: ১৮ হওয়ার পরে তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারবে, সমস্যা নেই। অনেক নেতিবাচক বিষয় আমি জানি বলে শিশু অভিনেতা হিসেবে দেখতে চাই না সন্তানদের।
আমেরিকান অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক বেন অ্যাফ্লেক মাত্র সাত বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন। তার অভিনীত প্রথম ছবি ‘ডার্ক সাইড অফ দ্যা স্ট্রিট’ (১৯৮১) পরিচালনা করেছিলেন তার বাবা-মায়ের একজন পারিবারিক বন্ধু। শিশু শিল্পী হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য ছিল ‘পিবিএস’-এর শিক্ষামূলক ‘দ্য ভোয়াজ অব দ্য মিমি’ (১৯৮৪, ১৯৮৮) টিভি সিরিজ।
বেন অ্যাফ্লেক এবং জেনিফার গার্নার তারকা দম্পতির দশ বছরের দাম্পত্য জীবনে রয়েছে তিন সন্তান– ভায়োলেট, শেরাফিনা ও স্যামুয়েল।
২০১৫ থেকে আলাদা থাকার পর এবছর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ তারকা বেন অ্যাফ্লেকের সাথে বিচ্ছেদের জন্য চূড়ান্ত আবেদন করেছেন জেনিফার গার্নার। মিড ডে







