কেন রাজধানীর গুলশানের একটি বেকারি এবং রেস্টুরেন্ট জঙ্গি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলো? মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন বলছে, কূটনীতিক এবং ধনীদের এলাকা হিসেবে পরিচিত জায়গায় এর অবস্থান বলেই হয়তো হামলার লক্ষ্যবস্তু হয়েছে ওই বেকারি।
শুক্রবার রাতে সেখানে জঙ্গিরা ১৭ বিদেশী ও তিন বাংলাদেশীসহ ২০ জনকে হত্যা করে। তার আগে তাদের ছোঁড়া বিস্ফোরকে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। আর সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন থান্ডারবোল্টে’ ৬ জঙ্গি নিহত ও এক সন্দেহভাজন জঙ্গি আটক হয়। আর উদ্ধার হয় জিম্মি হয়ে পড়া তিন বিদেশীসহ ১৩ জন।
সিএনএন এক প্রতিবেদনে বলেছে, গুলশান ঢাকার সবচেয়ে অভিজাত এলাকাগুলোর মধ্যে অন্যতম। সম্ভবতঃ এটা কূটনৈতিক জোন হওয়ায় হামলাকারীদের কাছে আরো গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
বেশিরভাগ দূতাবাস ও হাইকমিশন গুলশানেই অবস্থিত।
অভিজাত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রায় চারদিকে প্রাচীর বেষ্টিত গুলশান সবসময় নিরাপদ হিসেবেই পরিচিত। এমন একটি জায়গায় এরকম ভয়াবহ হামলার সকলেই এখন আতঙ্কিত।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হলে আর্টিসান বেকারি বিদেশী এবং কূটনীতিকদের কাছে খুব জনপ্রিয় ছিল। তাই বিশ্বব্যাপী প্রচার ও প্রভাব ফেলার আশায় এটিকে বেছে নেয় হামলাকারীরা।
গুলশানের বাসিন্দা সদরুল কবির বলেন, ‘তারা সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, সেটা তারা পেরেছে।’







