‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ করা অভিযোগে ইরাকে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সামের আস-সাবহানকে তলব করেছে বাগদাদ সরকার। বাগদাদের চলমান সন্ত্রাস-বিরোধী অভিযানের বিষয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করার পর তাকে তলব করে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তিনি সঠিক তথ্যের ওপর ভিত্তি করে বক্তব্য দেন নি, তার বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল।
শনিবার ইরাকের আস-সুমেরিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সাবহান বলেন, ইরাকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে স্বেচ্ছাসেবী পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্যদেরকে সম্প্রদায়গত ও উপজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে অস্ত্র দেওয়া হচ্ছে।
তিনি এও দাবি করেন যে, ইরাকের জনগণের মধ্যে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী জনপ্রিয়তা নেই।
সৌদি রাষ্ট্রদূতের এ বক্ত্যব্যের প্রতিবাদ করে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘পপুলার মোবিলাইজেশন ফোর্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে। তারা এসব কাজ করছে ইরাকের সামরিক বাহিনীর কমান্ডার ইন-চিফের অধীনে থেকে।’
ইরাকের পরিবহনমন্ত্রী বাকির জাবের আজ-জুবেইদিও সৌদি রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া প্রতিবাদ করেছেন। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূতের এ বক্তব্য ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপের শামিল।







